চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরের দিকে নাটোরের বাসুদেবপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নলডাঙ্গা থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।
নিহত হাছান আলী জয়পুরহাট সদর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।
হাছানের দুলাভাই নাটোর কারাগারের কনস্টেবল কাজল হোসেন জানান, সিঙ্গাপুরে যাওয়ার জন্য গত একবছর ধরে হাছান ঢাকায় থেকে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ শেষে মঙ্গলবার সিঙ্গাপুরে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে রাতে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনে করে জয়পুরহাটে ফিরছিলেন তিনি।
ট্রেনের অন্য যাত্রীদের বরাত দিয়ে কনস্টেবল কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরমের কারণে ভোর ৩টার দিকে ট্রেনের একটি দরজার কাছে এসে বাতাসে বসেন হাছান। ট্রেনটি বাসুদেবপুর স্টেশনের কাছে আসলে তন্দ্রাচ্ছন্ন থাকায় তিনি ট্রেন থেকে পড়ে যান।
ট্রেনটি দ্রুত থামিয়ে সহযাত্রীরা স্টেশনের লোকজন ডেকে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি মনির।
