সাভারে হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসককে মারধর
সাভারে একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা এক চিকিৎসককে মারধর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় সাভার সেন্ট্রাল হাসপাতাল লিমিটেডে এ ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসকরা আত্মগোপনে রয়েছেন।
বিষয়টি তদন্তে ঢাকার সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মৃত অজুফা বেগম (৫৫) সাভারের ইমান্দিপুর এলাকার মুকবুল হোসেনের স্ত্রী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিব শংকর বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনরা চিকিৎসককে মারধর করছে এমন সংবাদ পেয়ে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ সমঝোতা হলে তারা চলে যান।
মৃত অজুফা বেগমের বড় ছেলে অটোরিকশা চালক আশরাফ হোসেন অভিযোগ করেন, অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জন্য তার মাকে এ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাত ১১টার দিকে ডা. আবু তাহের ও ডা. কামরুজ্জামান জনি অপারেশন করে চলে যান।
“মধ্যরাতে আমার মাকে বেডে নিয়ে আসলে আমরা দেখতে গিয়ে দেখি সে মারা গেছেন,” বলেন তিনি।
সরেজমিন হাসপাতালে গিয়ে কোন চিকিৎসককে পাওয়া যায়নি। তবে কথা হয় হাসপাতালের পার্টনার মালিক পরিচয়দানকারী মিজানুর রহমানের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অজুফা বেগমকে ৫মে ভর্তি করা হয়। তার অ্যাপেন্ডিসাইটিস, কিডনি সমস্যা, ডায়াবেটিকসহ নানা রোগ ছিল।
“বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সোমবার রাতে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীর জ্ঞানও ফিরে আসে। এরপর হঠাৎ কেন মারা গেল তা বলতে পারি না,” বলেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশারফ হোসেন জানান, ঢাকার সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কলসালটেন্ড ডা. শাহনাজ সিগমাকে প্রধান করে তিনি সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্য সদস্যরা হচ্ছেন ডা. ছারোয়ার হোসেন ও প্রধান অফিস সহকারী শাহজাহান। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
