নূর হোসেনের বিরুদ্ধে আরেকটি হত্যামামলা
সাত খুনের মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেনের বিরুদ্ধে আরেকটি হত্যামামলা হয়েছে।
আট বছর আগে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ এনে মঙ্গলবার নারায়ণগঞ্জের আদালতে এই মামলার আরজি দাখিল করেছেন নিহতের বাবা সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা কাজী আক্তারুজ্জামান।
তিনি এজাহারে নূর হোসেনসহ ছয়জনকে আসামি করেছেন। হাকিম শফিকুল ইসলাম অভিযোগ গ্রহণ করেছেন।
তবে বিচারক পরে আদেশ দেবেন বলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
২০০৬ সালে ছেলে খুন হওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে চাইলেও পুলিশের বাধায় তা করতে পারেননি বলে আক্তারুজ্জামান দাবি করেন। তিনি তখন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
আক্তারুজ্জামান বলেন, নূর হোসেন ও তার সহযোগীদের হুমকির মুখে এই অভিযোগ নিয়ে আইনি লড়াই চালাতে সাহস পাননি তিনি।
নূর হোসেন
দাবি করা চাঁদা না দেয়ার পর ওই বছরের ২৬ অগাস্ট আক্তারুজ্জামানের প্রাথমিক স্কুলে পড়ুয়া ছেলে টিপু সুলতান অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়।
আক্তারুজ্জামান বলেন, ওই সময় তিনি থানায় গেলে আসামিরা এনিয়ে ‘বাড়াবাড়ি’ না করতে তাকে শাসিয়েছিলেন।
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনের হত্যাকাণ্ডের ঘটনায় নূর হোসেন পালিয়ে যাওয়ার পর গত ৭ মে গণমাধ্যমে এনিয়ে কথা বলেছিলেন আক্তারুজ্জামান।
মামলার আসামি সুন্দর আলী এরপর আক্তারুজ্জামান ও তার বড় ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় বলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি হয়েছে। আক্তারুজ্জামান নিজেই গত ৮ মে ওই জিডি করেন।
