২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা চালকদের ঘেরাওয়ে অবরুদ্ধ চট্টগ্রামের মেয়র

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশার চালক-মালিকরা নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 04:36 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচির কারণে চট্টগ্রাম নগর ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন সিটি মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম।

পরে মেয়রের আশ্বাসে আন্দোলনকারীরা ঘেরাও প্রত্যার করে নেয়।

‘সিএনজি-প্যাডেলচালিত অটোরিকশা চালক-মালিক ও ভুক্তভোগী নগরবাসীর’ ব্যনারে চারটি সংগঠন এ কর্মসূচি পালন করে।

সংগঠনগুলো হচ্ছে- চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন, সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ ও চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ।

সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আন্দরকিল্লা এলাকায় জড়ো হতে থাকে। সেখান থেকে তারা নগর ভবন ঘেরাও করতে যান।

ঘেরাও চলাকালে প্রায় সোয়া দুই ঘণ্টা নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ ছিল।  সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পড়ে নগরবাসী।

পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মেয়র মঞ্জুর আলম।

বৈঠকে ঘেরাওয়ে অংশ নেয়া চার সংগঠনের উপদেষ্টা মো. ওয়াজি উল্লাহ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের দাবি জানিয়ে বলেন, “উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কথা বলে প্রতিদিন সড়কে নতুন রিকশা নামছে। প্রকাশ্যে শোরুম খুলে বিক্রি হচ্ছে ব্যটারিচালিত রিকশা। গত মাসে পুলিশ এক সপ্তাহ অভিযান চালালেও পরে তা বন্ধ হয়ে যায়।”

চালক-শ্রমিক নেতারা অবিলম্বে ব্যাটারিচালিত রিকশার শোরুম-গ্যারেজ ও ব্যাটারি চার্জ দেয়ার দোকান বন্ধের দাবি জানান।

এসময় মেয়র জানান, ব্যাটারিচালিত রিকশার মালিক-চালকদের সাতটি সংগঠনের করা রিট মামলায় সিটি করপোরেশনও বিবাদি।

ব্যাটারিচালিত রিকশার মালিকদের লাইসেন্স দিতে সিটি করপোরেশন অপারগতা জানিয়েছে বলেও জানান মেয়র।

বৈঠকে তিনি আন্দোলনকারী দাবির বিষয়টি যোগাযোগমন্ত্রীকে চিঠি দিয়ে জানানোর পাশাপাশি বিদ্যুৎ চুরি করে ব্যাটারি চার্জ দেয়া চালক-মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বৈঠক শেষে মেয়র নগর ভবন থেকে বেরিয়ে আন্দোলনকারীদের বলেন, এক সপ্তাহের মধ্যে পুলিশ কমিশনার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা হবে।

পরে বেলা ১২টায় ঘেরাও কর্মসূচি শেষ করে চলে যান বিক্ষোভকারীরা।

তবে দাবি মানা না হলে আগামী ১০ জুন নগরীর সব প্রবেশপথে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন রিকশা চালক-মালিকরা।

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না হলে ১০ জুন অবরোধ কর্মসূচি পালিত হবে।