মির্জাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার রাত আড়াইটার দিকে মির্জাপুর ফিলিং স্টেশনের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি যোবাইদুল আলম জানিয়েছেন।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা গ্রামের আব্দুল আলেক মিয়া (২২), একই জেলার বড়কুথিরা গ্রামের সাইফুল ইসলাম (৪০) এবং জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর গ্রামের শুকুর আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা যোবাইদুল বলেন, গভীর রাতে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রাকটির সঙ্গে দ্রুতবেগে আসা মুরগী বোঝাই পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান চালক ও তার পাশে বসা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
