২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে, নিহত ৩

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস সড়ক ছেড়ে পাশের ক্ষেতে পড়ে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 10:02 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার সকাল ৬টার দিকে ডাউটিয়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় আরো অন্তত ২৫ শ্রমিক আহত হয়েছেন বলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতদের কালামপুর ও সাভারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সকালের দিকে ‘প্রতীক সিরামিকস’র শ্রমিকবাহী বাসটি ধামরাইয়ের ইসলামপুর থেকে ডাউটিয়া এলাকায় কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহসড়কে দ্রুতবেগে চলন্ত শ্রমিকবাহী বাসটি আরেকটি বাসকে চলে যাওয়ার জায়গা করে দিতে গিয়ে সড়কের পাশে প্রায় ১০ ফুট নিচে ক্ষেতে গিয়ে উল্টে যায়।  

ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন। কালামপুর হাসপাতালে নেয়ার পর অন্যজন মারা যান।