২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

ষষ্ঠ পর্বের ভোটের মাধ্যমে শেষ হওয়া চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপটিতে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ছিল বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 11:46 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

বিকেলে ইসির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ের সিইসি জানান, ১২ উপজেলায় সাধারণ ও একটি উপজেলায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয়েছে। এতে ৭৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “এরমধ্যে ২ টি স্থগিত এবং ১ টি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। জাল ভোট এবং মারামারির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সোমবার তারাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে উপ নির্বাচনও অনুষ্ঠিত হয়।

এরমধ্য দিয়ে দেশের ৪৮৭ উপজেলার ৪৭৩টির নির্বাচন সম্পন্ন হয়েছে। মেয়াদোত্তীর্ণ বিবেচনায় ও আদালতের নির্দেশে বাকিগুলো বিচ্ছিন্নভাবে শেষ করবে ইসি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত পাঁচ পর্বে দেশের ৪৮৭ উপজেলার মধ্যে ৪৫৯টিতে নির্বাচন হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ২৩৪ জন, বিএনপি সমর্থিত ১৬২ জন প্রার্থী বিজয়ী হন।

এছাড়া জামায়াতে ইসলামীর ৩৫, জাতীয় পার্টির তিন, জেএসএসের আট, ইউপিডিএফের চার, এলডিপির এক এবং নির্দলীয় ও অন্যান্য ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্বের ভোটে তেমন কোনো গোলযোগ না হলেও পরবর্তী চার ধাপে সহিংসতা ও গোলযোগ হয়। এসময় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ দেশের বাইরে থাকায় এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

প্রথম পর্বে ৬২ দশমিক ৪৪ শতাংশ, দ্বিতীয় পর্বে ৬৩ দশমিক ৩১ শতাংশ, তৃতীয় পর্বে ৬৩ দশমিক ৫২ শতাংশ, চতুর্থ পর্বে ৫৬ দশমিক ১২ শতাংশ ও পঞ্চম পর্বে ৬০ দশমিক ৮৯ শতাংশ ভোট পড়ে।

গত ১৯ ফেব্রুয়ারি চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়। এরপর আরো পাঁচ ধাপে ভোট শেষ হল।