চট্টগ্রামে সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অপহরণ চেষ্টার মামলা
চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার বিকালে ডবলমুরিং থানায় অবসরপ্রাপ্ত মেজর আরিফ আহমেদের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী গোলাম রব্বানি মুন।
ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণের চেষ্টার অভিযোগে করা মামলায় রোববার রাতে আটক আরিফ আহমেদ, তার সঙ্গী মো. নওশাদ ও অজ্ঞাত আরো চারজনকে আসামি করা হয়েছে।
“২০০৯ সালে সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হন আরিফ। বর্তমানে তিনি চট্টগ্রাম ইপিজেডে জিএইচ হেইওয়ে নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে কর্মরত আছেন।”
ওসি মতিউল জানান, রোববার রাতে চৌমুহনী এলাকায় ব্যবসায়ী গোলাম রব্বানি মুনকে ‘অপহরণ চেষ্টার’ অভিযোগে সাবেক ওই সেনা কর্মকর্তাকে আটক করেন স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে আরিফকে থানায় নিয়ে এলেও তার সঙ্গে থাকা নওশাদ পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সহযোগী নওশাদকে নিয়ে আরিফ গোলাম রব্বানীর পথরোধ করলে বাকবিতন্ডার এক পর্যায়ে আরিফ ফোন করে তার সঙ্গীদের গাড়ি নিয়ে আসতে বলেন। এরপর একটি মাইক্রোবাস নিয়ে চারজন ঘটনাস্থলে আসে।
পরে স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতি বেগতিক দেখে মাইক্রোবাসে থাকা যুবকরা পালিয়ে যায়।
ওসি মতিউল বলেন, ২০০৯ সালে আরিফ সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হয়।
“অপহরণ চেষ্টার অভিযোগের মামলায় মামলায় আরিফ ছাড়াও নওশাদসহ আরো অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে বলে।
তিনি বলেন, মামলার পর চিকিৎসার জন্য সাবেক সেনা কর্মকর্তা আরিফকে হাসপাতালে পাঠিয়ে বিষয়টি আদালতকে জানানো হয়েছে।
