গাইবান্ধায় অটোরিকশা চাপায় শিশু নিহত
গাইবান্ধা সদরে সিএনজিচালিত অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বাদিয়াখালিতে সোমবার এ দুর্ঘটনায় নিহত আঁখি আকতার (১০) বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের আয়নুল হক মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে আঁখি বাড়ির পাশের দোকান থেকে লবণ কিনে রাস্তা পার হওয়ার জন্য গাইবান্ধা-সাঘাটা সড়কের পাশে অপেক্ষা করছিল।
এ সময় গাইবান্ধা থেকে বাদিয়াখালীগামী একটি অটোরিকশা আঁখিকে চাপা দিলে সে আহত হয়। পরে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিএনজিচালিত অটোরিকশাটি ও তার চালক মোনা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
