২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির কারাগারে

সরকারি কাজে বাধাদান ও ইউএনওকে লাঞ্চিত করার মামলায় বিএনপি চারদলীয় জোট সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 06:16 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার নওগাঁর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোহাগ তালুকদারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে তা নাকচ হয়। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ২ নভেম্বর রানীনগর উপজেলায় ত্রাণ বিতরণে অনিয়ম বিষয়ে নওগাঁ-৬ আসনের তৎকালীন বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর কবিরের সঙ্গে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সাংসদ ইউএনওকে লাঞ্ছিত করেন এবং হুমকি দেন।

ওই ঘটনায় ইউএনও বাদী হয়ে সরকারি কাজে বাধাদান ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগে আলমগীর কবিরসহ ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর কবিরসহ ৪ জনের নামে ১৯৯৭ সালের ১১ অক্টোবর অভিযোগপত্র দেন। অন্য আসামিরা হলেন নজরুল মাষ্টার, সানোয়ার হোসেন ও রুহুল আমীন।

আসামিপক্ষের আইনজীবী ইউনুছ আলী জানান, আলমগীর কবির হাই কোর্টের থেকে জামিনে ছিলেন। এ মামলায় এ বছরের ১৯ মার্চ জামিন শেষ হলে সোমবার আলমগীর কবির আদালতে হাজির হন।

তিনি ২০০১-২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পরে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।