সিরাজদিখানে ২ বাসের সংঘর্ষে আগুন, নিহত ৩
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই বাসের সংঘর্ষের পর আগুন ধরে গেলে দগ্ধ হয়ে এক চালকসহ তিন জন মারা গেছেন, আহত হন অন্তত ২০ জন।
সোমবার দুপুরে ঢাকা-মাওয়া সড়কের চালতি পাড়ায় এ দুর্ঘটনার পর মহাসড়কে দুঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
হতাহতের পরিচয় তাক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
মুন্সীগঞ্জের এএসপি সার্কেল কুতুবুদ্দিন আহাম্মেদ জানান, গুনগুন পরিবহনের মাওয়াগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইলিশ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে গুনগুনের বাসটিতে আগুন ধরে যায়। এতে গুনগুনের চালকসহ তিনজনের মৃত্যু হয়।
ইলিশ পরিবহনের চালককে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অন্তত ১৯ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর থানার ওসি আবুল বাশার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
