মুজিবরের সন্ধান না পেলে সুনামগঞ্জে ধর্মঘট
সুনামগঞ্জে নিখোঁজ যুক্তরাজ্য প্রবাসী ও জেলা বিএনপি নেতা মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সুহেলের সন্ধানে ২৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জেলায় পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এ সময়ের মধ্যে তাকে খুঁজে বের না করলে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে জানান পরিবহন নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ শেষে ইউনিয়ন নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
গত ৪ মে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সুহেল নিখোঁজ হন।
সমাবেশে পরিবহন শ্রমিক নেতারা বলেন, ২৫ তারিখের মধ্যে তাদের সন্ধান দিতে না পারলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকে জেলা অচল করে দেয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহার মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হক, জেলা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম প্রমুখ।
