ছাড়া পেয়ে আমগাছে আশ্রয় নেয় শিশু শাকিল
পাচারকারীদের কাছ থেকে ছাড়া পেয়ে একটি শিশু আমগাছে আশ্রয় নিয়ে রাত কাঠিয়েছে।
রোববার বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের একটি আম গাছ থেকে স্থানীয়রা শাকিলকে (৮) উদ্ধার করে। এরপর থেকে তাকে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানের জিম্মায় রয়েছে।
বজলুর রহমান জানান, শিশুটি তার নাম শাকিল, বাবার নাম জিয়ারুল নোমান, মা সঞ্চিতা খাতুন, দাদু জয়নাল আবেদীন, ভাই আরিফ হোসেন ও জাহিদ হোসেন, বোন জাকিয়া সুলতানা এবং বাড়ি বালাপাড়া টেক্সরোড বলেছে।
তবে, জেলার নাম বলতে পারছে না।
চেয়ারম্যান বজলুর রহমান আরো জানান, চারদিন আগে সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা তাকে অপহরণ ও অজ্ঞান করে বাসযোগে বেনাপোলে আনে।
সীমান্তের ঘাট দিয়ে পার হওয়ার সময় জ্ঞান ফিরে পেয়ে শাকিল চিৎকার করে ওঠায় পাচারকারীরা তাকে ফেলে পালিয়ে যায়।
ওইরাতে শাকিল একটি আমগাছে আশ্রয় নেয়। পরদিন খড়িডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুস সালাম তাকে আম গাছে দেখতে পায়।
পরে গ্রামের লোকজন তাকে নামিয়ে রোববার সন্ধ্যায় চেয়ারম্যান বজলুর রহমানের কাছে হস্তান্তর করে।
শাকিলকে চিকিৎসা দেয়া হচ্ছে। সে সুস্থ রয়েছে বলেও জানান চেয়ারম্যান বজলুর।
