মাদারীপুরে বাসচাপায় কৃষক নিহত
মাদারীপুর শহরে বাস চাপায় এক কৃষক নিহত হয়েছেন।
মাদারীপুর মডেল থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি পুড়িয়ে দিয়েছে।
নিহত মান্নান হাওলাদার (৬০) পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের বাসিন্দা।
ওসি মোফাজ্জেল বলেন, চৌরাস্তা এলাকায় মাদারীপুরের একটি লোকাল বাস মান্নানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।
এ ঘটনার পরে স্থানীয়রা বাসটি ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
