২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হককে ‘উপযুক্ত’ দামে শেয়ার কেনার নির্দেশ

পোশাক থেকে বিদ্যুৎ ব্যবসায় আসা ‘দেশ এনার্জি’র চেয়ারম্যান আনিসুল হককে কোম্পানির দুই উদ্যোক্তার শেয়ার ‘উপযুক্ত’ দাম দিয়ে কিনে নেয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 12:54 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

সোমবার বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চে এ মামলার রায় ঘোষণা হয়।

রায়ে দেশ এনার্জি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নূহের লতিফ খান ও তার বোন শাহপার সাবার শেয়ার উপযুক্ত দাম দিয়ে কিনে নিতে আনিসুল হক ও তার সহযোগীদের নির্দেশ দেয়া হয়েছে বলে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম জানান।

গত বছর ১৫ এপ্রিল আনিসুল হক ও তার ছেলে নাভিদুল হকের বিরুদ্ধে নানাভাবে ভয়ভীতি দেখানো এবং অব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানিকে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ এনে এই মামলা করেন নূহের ও তার বোন, কোম্পানিতে যাদের ২০ শতাংশ শেয়ার রয়েছে।

কোস্পানি শুরুর সময় দুই ভাই-বোনের শেয়ার ছিল ৫০ শতাংশ, কিন্তু এখন সেটা ২০ শতাংশ হয়ে গেছে। উল্টোদিকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ও তার ছেলে ৫১ শতাংশ শেয়ার দিয়ে কোম্পানির মালিকানায় ঢুকে বর্তমানে তাদের শেয়ার ৮০ শতাংশ বানিয়েছেন।

এদিকে হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আনিসুল হকের আইনজীবী জানিয়েছেন।

রায়ের পর আবেদনকারীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদনে সব ব্যাংক গ্যারন্টি থেকে দায়মুক্ত করে আমরা আমাদের ২০ ভাগ শেয়ার ক্রয় করে নিতে অধিকাংশ শেয়ার হোল্ডারদের প্রতি নির্দেশনা চেয়েছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছে।”

রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করে প্রতিষ্ঠানের শেয়ারের দাম নির্ধারণ করে সেই প্রতিবেদন অনুযায়ী শেয়ার কিনতে বিবাদী শেয়ার মালকিদের নির্দেশনা দেয়া হয়েছে।

রায়ের বিস্তারিত অনুলিপিতে আদালত নিরীক্ষার জন্য প্রতিষ্ঠান নিযুক্ত করে দিবে বলেও জানান তিনি।

আনিসুল হকের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আবেদনকারীপক্ষের আবেদন মঞ্জুর করেছে। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবো।”

উদীয়মান ব্যবসায়ী হিসাবে ২০১২ সালে পুরস্কার পাওয়া নূহের লতিফ খান মাত্র ২১ বছর বয়সে দেশ এনার্জি গড়ে তোলেন। সাবাও দেশ এনার্জির একজন উদ্যোক্তা পরিচালক।

এ কোম্পানিতে তাদের শেয়ারের পরিমাণ ১০ শতাংশ করে ২০ শতাংশ।

২০০৫ সালে প্রতিষ্ঠিত দেশ এনার্জি লিমিটেডের অধীনে সিলেটের কুমারগাঁওয়ে গ্যাসচালিত ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলনির্ভর দুটি ভাড়াভিত্তিক বিদ্যুত কেন্দ্র রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা ১১০ মেগাওয়াট।

আনিসুল হক বর্তমানে দেশ এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং তার ছেলে নাভিদুল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন।

গতবছর করা মামলার আর্জিতে বলা হয়, “গত দুই বছর ধরে দেশ এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনিসুল হক এবং তার ছেলে ও প্রতিষ্ঠানটির পরিচালক নাভিদুল হকের সঙ্গে দুই আবেদনকারীর সম্পর্কের অবনতি ঘটে। দুই উদ্যোক্তা পরিচালকের ‘ন্যায়সঙ্গত প্রত্যাশাকে’ পাশ কাটিয়ে বিবাদীরা ‘অবৈধ ও স্বেচ্ছাচারীমূলকভাবে’ প্রধান প্রধান ব্যবস্থাপনার সিদ্ধান্ত থেকে আবেদনকারীদের বাদ দেন। তাদের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের দায়িত্ব পালনেও বাধা সৃষ্টি করা হয়। বিবাদীরা কোম্পানির কার্যক্রমকে ‘মারাত্মক অব্যবস্থাপনার’ মধ্যে ঠেলে দেন এবং দুই বাদীকে সরিয়ে দিতে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও পীড়নের কৌশল গ্রহণ করেন।”

অব্যবস্থাপনার দৃষ্টান্ত হিসাবে মামলায় বলা হয়, ‘অননুমোদিত’ কোম্পানির মাধ্যমে সস্তা যন্ত্রাংশ কেনায় সিদ্ধিরগঞ্জের ১০০ মেগাওয়াটের বিদ্যুত কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া পরিচালক হিসাবে নূহের বা তার বোনের স্বাক্ষর না নিয়েই দেশ এনার্জি থেকে বড় অংকের টাকা তুলেছেন আনিসুল হক, যার মাধ্যমে নিয়ম ভাঙা হয়েছে।

অভিযোগে বলা হয়, বোর্ড রেজ্যুলেশন অনুসারে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট দুটি গ্রুপের যৌথ স্বাক্ষরে পরিচালিত হওয়ার কথা। গ্রুপ-এ তে আছেন আনিসুল হক ও তার ছেলে নাভিদুল হক। আর গ্রুপ-বি তে রয়েছেন নূহের ও তার বোন। এই নিয়মের বিষয়টি ব্যাংককে জানানো থাকলেও দুই বিবাদী অন্য গ্রুপের কারো স্বাক্ষর ছাড়াই ২৮ লাখ টাকা তুলে নেন।

তবে আনিসুল হকের আইনজীবী মেহেদী বলেন, “দায়িত্বে থাকা অবস্থায় নূহের লতিফ খান এই কোম্পানি চালাতে ব্যর্থ হয়েছেন। ফলে কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। এ কারণে আমরা তার প্রার্থনা অনুসারে প্রতিকারের বিরোধিতা করেছিলাম। আদালত এরপরও তার আবেদন মঞ্জুর করেছে।

“এ কারণে আমরা আপিল বিভাগে যাবো।”

রায়ের সময় আদালতে অনুপস্থিত মেহেদি বলেন, “আমি জানি না, তাদের ব্যাংক গ্যারান্টি থেকে দায়মুক্তি দেয়া হয়েছে কি না। যদি সেটা দেয়া হয়, তাহলে এটিও আমাদের আপিলের একটা যুক্তি হবে। কারণ কোনো কোম্পানির পরিচালক এভাবে ব্যাংক গ্যারান্টি থেকে মুক্তি পেতে পারেন না।”

লন্ডনের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করার পর ২০০৫ সালে দেশ এনার্জি প্রতিষ্ঠা করেন নূহের লতিফ।

তখন কোম্পানিতে তার শেয়ারের পরিমাণ ছিল ২৫ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে তার বোনের হাতে ২৫ এবং প্রতিষ্ঠাতা শেয়ার হোল্ডার ও পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নামে ছিল ৫০ শতাংশ শেয়ার।

জাহাঙ্গীর আলমের শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০০৬ সালের ৫ ফেব্রুয়ারি এ কোম্পানিতে যোগ দেন মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান আনিসুল হক, যিনি বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এফবিসিসিআইয়ের সভাপতি ছিলেন।

পোশাক প্রস্তত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হক ধারাবাহিকতার ভিত্তিতে বাংলাদেশের কোটায় সার্ক চেম্বারেরও সভাপতি ছিলেন।

দেশ এনার্জির মালিকানায় প্রবেশের সময় ৪৬ শতাংশ শেয়ার থাকলেও ক্রমান্বয়ে তা বাড়িয়ে নিজের ও ছেলের নামে কোম্পানির ৮০ শতাংশ শেয়ারের মালিকানা বানিয়েছেন আনিসুল হক।

গত বছরের মার্চে নূহের লতিফকে সরিয়ে আনিসুল হক নিজেই দেশ এনার্জির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন।