বিচারককে ‘হুমকি’ দিয়ে মেইল
একটি ধর্মীয় গোষ্ঠী সম্পর্কিত বিচারাধীন বিষয়ে হাই কোর্টের একটি রিট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারককে ই-মেইল করা হয়েছে, যাকে হুমকি হিসাবে মনে করছেন ওই আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
ধর্মীয় উগ্র মতবাদের দৃষ্টিকোণ ব্যবহার করে মেইলটিতে বিচারকের প্রতি নানা ধরনের কটাক্ষ করা হয়েছে। কটাক্ষ করা হয়েছে ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারকের প্রতিও।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে দৈনিক আল ইহসান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক কর্মচারীর ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশ সম্পর্কিত দুটি রিট আবেদন বিচারাধীন।
ওই দুটি রুলের কথা উল্লেখ করে মেইলটি পাঠানো হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট আদালতের এক বেঞ্চ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “নানা উগ্র কথা বলে সেখানে তাদেরকে (বিচারকদের) কটাক্ষ করা হয়েছে।
“এটা বিচারকদের বিচার কাজ থেকে বিরত রাখতে এক ধরনের হুমকি। মেইল আইডি সংগ্রহ করা ছাড়াও মেইলটি পড়ে মনে হচ্ছে, তারা বিচারকদের সম্পর্কে জেনে তারপর মেইলটি পাঠিয়েছে।”
ওই দুই বিচারকের এই রিট বেঞ্চ গত ১২ মে রাজারবাগের দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক, প্রকাশক ও এক লেখককে তলবের আদেশ দেয়। হাই কোর্টের আদেশকে কটাক্ষ করে নিবন্ধন প্রকাশের কারণে এই রুল দেয়া হয়।
আদেশে ওই পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম, প্রকাশক মুহম্মদ হাবিবুল হক ও নিবন্ধের লেখক মুহম্মদ সিবগাতুল্লাহ পানিপথীকে আগামী ২৫ মে আদালতে হাজির হতে বলা হয়।
আদেশে ওই পত্রিকার সম্পাদক, প্রকাশক ও লেখককে আদালত অবমাননার অভিযোগে দায়ী করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
পাশাপাশি কেন পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হবে না, রুলে তা জানাতে বলা হয়।
এর আগে একই বেঞ্চ গণমাধ্যমে হিন্দু কর্মচারীর ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ পাঠানোয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালকের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল রুল দেয়।
ওই রুলের প্রেক্ষিতে হাই কোর্টকে আক্রমণ করে ১২ মে নিবন্ধ ছাপে রাজারবাগ ধর্মীয় গোষ্ঠীর মুখপাত্র আল ইহসান।
যাতে বলা হয়, মহান আল্লাহ পাক উনার নির্দেশ অনুযায়ী বিধর্মীর ইসলাম গ্রহণের সংবাদ প্রকাশ করা ৯৭ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কেন বৈধ হবে না? এবং শরিয়ত বিরোধী রুল জারিকারীরা কেন খোদাদ্রোহী হবে না?
দ্বিতীয় শিরোনামে বলা হয়, হাই কোর্টের বিচারকদ্বয় কর্তৃক প্রচলিত সংবিধান বিরোধী রুল জারি করা কেন অবৈধ হবে না এবং কেন তারা দেশদ্রোহী হবে না? কেন তাদেরকে মুরতাদ বলা হবে না?
তৃতীয় শিরোনামে বলা হয়, শরিয়তসম্মত সংবাদ প্রকাশ করায় জাবির কর্তৃপক্ষের জাতির কাছে ক্ষমা চেয়ে সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানকে হেয় প্রতিপন্ন করা কেন অবৈধ হবে না? তার জবাবদিহি করতে হবে।
