২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ও আসিয়ান পাশে থাকায় সরকারের ধন্যবাদ

দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে ‘সংকটময়’ মুহুর্তে পাশে থাকার জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সার্ক এবং আসিয়ান জোটের অন্তর্ভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 11:09 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্ক ও আসিয়ানভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের উদ্দেশে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ধন্যবাদের পাশাপাশি এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ব্যাপারেও অঙ্গীকার করেন।

মাহমুদ আলী বলেন, “বাংলাদেশের সংকটময় মুহুর্তগুলোতে এবং বিগত নির্বাচনের সময় বাংলাদেশ এবং এর জনগণের প্রতি সার্ক ও আসিয়ান দেশসমূহের সমর্থন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নব নির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোয় আপনাদের ধন্যবাদ।” 

 তিনি বলেন, “প্রতিবেশিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে বাংলাদেশ।

“এ অঞ্চলের জনগণের বৃহৎ কল্যাণের জন্য আন্ত:আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে এ অঞ্চলের সুপ্রতিবেশীসুলভ ও আঞ্চলিক সহযোগিতা অর্জনের লক্ষ্যে আমাদের পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা কাজ করে যাব।”

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের জনগণের মধ্যে সুদীর্ঘকালের অখন্ড ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, “বাংলাদেশ সার্ক, বিমসটেক ও বিসিআইএম - এ ধরনের ফোরামের মাধ্যমে বর্তমান সরকার আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।”

ভারতের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করে মাহমুদ আলী বিশ্বের ‘বৃহত্তম গণতন্ত্রের দেশ’ ভারতে একটি সফল নির্বাচন সম্পন্নকরণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য সে দেশের জনগণকে বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সামনের দিনগুলোতে ভারত ও বাংলাদেশ সম্পর্ককে একটি উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার ভারতের নবনির্বাচিত সরকারের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য আগ্রহী।”

অনুষ্ঠানে সার্ক এবং বিমস্টেকের প্রতিনিধিরা সংস্থাগুলোর আঞ্চলিক সহযোগিতার কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে নিজ নিজ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ঢাকায় বিমসটেকের সচিবালয় স্থাপনে সম্মত হওয়ায় তারা বাংলাদেশকে অভিনন্দন জানান। এটি শিগগিরই কাজ শুরু করবে বলেও জানান তারা।

বাণিজ্য, বিদ্যুৎ, অবকাঠামো, জাহাজ নির্মাণসহ নানা খাতে সরকারের সঙ্গে আসিয়ান দেশসমূহের সহযোগিতা বৃদ্ধির জন্য আসিয়ান দেশগুলোর রাষ্ট্রদূতেরা কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।

ব্রিফিংয়ে আফগানিস্তান, ভুটান, ব্রুনেই, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্ রিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।