ফরিদপুরে বোরোর ফলন ভালো, কৃষকের মুখ মলিন
ফরিদপুরে চলতি মৌসুমে বোরো ধানের ফলন ভালো হলেও ভালো দাম না পাওয়ার আশঙ্কায় কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে না।
এ বছর ৩১ টাকা কেজি দরে চাল এবং ২০ টাকা কেজি দরে ধান কেনার ঘোষণা দিয়েছে সরকার।
কৃষকরা জানান, তারা এখন ধান কাটা, মাড়াই শেষে ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তবে, আবাদে তুলনামূলকভাবে বেশি খরচ পড়ায় এবার সরকারিভাবে নির্ধারিত ধান-চালের মূল্যে তাদের তেমন লাভ হবে না বলে আশঙ্কা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, এ বছর ২৬ হাজার ৯শ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে ফরিদপুরে। প্রতি একরে জমিতে ধানের ফলন হয়েছে ৩৫ মনেরও বেশি। আবহাওয়া অনুকূল থাকলেও প্রচণ্ড খরার কারণে ধান ক্ষেতে সেচ খরচ বেড়েছে। সার, কীটনাশক এবং ক্ষেতমজুরের খরচও আগের তুলনায় বেশি।
চলতি মৌসুমে সরকার এখনও এখানে ধান কেনা শুরু না করলেও গ্রামের হাট-বাজারে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে ধান বিক্রি করছে কৃষক।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর ভৌমিক জানান, চলতি মৌসুমে ধানের আবাদ ভালো হয়েছে। খরার কারণে কৃষকের একটু খরচ বেশি হয়েছে। খরচ বেশি হলেও ফলন ভালো হওয়ায় কৃষক তেমন ক্ষতিগ্রস্ত হবে না।
সদরপুর উপজেলার আটরশি গ্রামের চাষি নজরুল ইসলাম জানান, অনেক বেশি শ্রম দিয়েছেন ধান উৎপাদন করতে। দামের ব্যাপারে সরকার নজর না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবেন।
বোয়ালমারী উপজেলার কাদিরদী এলাকার চাষি আসলাম হোসেন জানান, “দুই একর জমিতে ধান লাগাইছি ফলন ভালো হয়েছে। ডিজেল, কীটনাশক খরচ বেশি হওয়ায় সমস্যা হয়েছে। এবছর ধান বিক্রি করছি প্রতি মন ৮শ টাকা দরে। কিন্তু সরকারিভাবে মূল্য বৃদ্ধি না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব।”
মধুখালী উপজেলার কৃষক সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের যে পরিমাণ ব্যায় হয়েছে তাতে ২২ টাকা থেকে ২৩ টাকা হারে কেজি প্রতি দাম ধায্য না করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
সরকার কৃষকদের প্রতি সুনজর না দিলে কৃষকরা বেঁচে থাকতে পারবে না বলে জানান তিনি।
