২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষককে বেঁধে পেটালেন জামায়াত নেতা

মামলার তদন্ত ও জমি বিক্রির টাকাকে কেন্দ্র করে নওগাঁর সাপাহার উপজেলার এক ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা এক মাদ্রাসা শিক্ষককে বেঁধে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

এ ঘটনায় রোববার জয়পুর গ্রামের বাসিন্দা ও সেনপুর এড়েন্দা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল করিম ও তার স্ত্রী তাসমিনা আকতার বাদী হয়ে একটি মামলা করেছেন।

সাপাহার থানায় করা এ মামলার আসামিরা হলেন শিরন্টি ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী প্রধানসহ আট জন।

মামলার অভিযোগে বলা হয়, পৈত্রিক জমিতে থাকা আমগাছ থেকে আম পাড়া নিয়ে ২০১৩ সালে জুন মাসে সহোদর বড়ভাই জামায়াত সমর্থক বেলাল হোসেনের সঙ্গে আব্দুল করিম বিরোধ হয়।

ওই ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে আব্দুল করিমসহ মাদ্রাসার ৮/৯ জন শিক্ষার্থীকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তের দায়িত্ব দেয় এই ইউনিয়নের চেয়ারম্যান বাকীকে।

কিন্তু চেয়ারম্যান তদন্ত প্রতিবেদন না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন এবং বেলালের পক্ষ নিয়ে আপোষ-মীমাংসা করে নেওয়ার জন্য আব্দুল করিমকে নানাভাবে চাপ দিয়ে আসছিলেন।

এছাড়া, আব্দুল করিমের একটি জমি বিক্রির তিন লাখ টাকাও চেয়ারম্যান বাকির কাছে রয়েছে। এ টাকা চাইলেও তিনি নানা টালবাহানার আশ্রয় নেন। 

অভিযোগে আরো বলা হয়, শুক্রবার সকাল ৯টার দিকে মামলা আপোষের কথা বলে তাকে মাদ্রাসার ছাত্রদের মাধম্যে চেয়ারম্যানের বাড়িতে ডেকে নেন। সেখানে মামলার সঠিক প্রতিবেদন দ্রুত দাখিল ও জমি বিক্রির টাকা ফেরত চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এক পর্যায় চেয়ারম্যান আব্দুল বাকী তার পায়ের সেন্ডেল দিয়ে করিমকে মারতে শুরু করলে করিম তার প্রতিবাদ করেন।

এ সময় সেখানে উপস্থিত চৌকিদাররাসহ চেয়ারম্যানের ৯/১০ জন লোক করিমকে ধরে জানালার লোহার শিকের সঙ্গে বেঁধে তাকে মারধর করে।

এ ব্যাপারে সাপাহার থানার ওসি মো. নূর ইসলাম জানান, থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে চেয়ারম্যান করিমকে পুলিশে সোপর্দ করে।

এরপর আব্দুল করিমকে উপজেলা স্বাস্থ্য কসপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরো বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী মারপিটের ঘটনা অস্বীকার করে বলেন উল্টো করিমই তার উপর হামলা চালিয়ে মারপিট করে শার্ট-গেঞ্জি ছিঁড়ে ফেলেছে।