২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বোর্ডের ফল আরো ভালো হয়েছে

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার, জিপিএ ও শতভাগ পাশ বিদ্যালয়ের দিক থেকে এবার আরো এগিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। তবে জিপিএ-এর দিক থেকে ছেলেরা এগিয়ে থাকলেও পাশের হারে এবারো এগিয়ে মেয়েরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 05:17 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম এ হুরায়রা।

তিনি জানান, এ বোর্ডে এবার পাশের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ, গতবার যা ছিল ৯৪ দশমিক ০৩ শতাংশ। এবার পাশের হার মেয়েদের ৯৬ দশমিক ৫০ শতাংশ, আর ছেলেদের ৯৬ দশমিক ১৯ শতাংশ। গতবার মেয়ে ও ছেলেদের পাশের হার ছিল যথাক্রমে ৯৪ দশমিক ৬২ শতাংশ ও ৯৩ দশমিক ৫১ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তিতে এবারো এগিয়ে রয়েছে ছেলেরা। এবার মোট ১৯ হাজার ৮১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১০ হাজার ৮২৫ জন ছাত্র এবং ৮ হাজার ৯৯০ জন ছাত্রী। গতবার ১২ হাজার ২০৩ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছিল ৬ হাজার ৯৯৩ জন ছাত্র ও ৫ হাজার ২১০ জন ছাত্রী।

এবার এ বোর্ডে ২ হাজার ৫৪২টি স্কুলের এক লাখ ২৩ হাজার ১২৮ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ ২২ হাজার ১৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে এক লাখ ১৭ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী।

এক হাজার ৫৫টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। গতবার এ সংখ্যা ছিল ৬৬৭টি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিদর্শক সুনীল চন্দ্র দাশ, প্রধান মূল্যায়ন কর্মকর্তা এসএম গোলাম আজম, সিস্টেম এনালিস্ট শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধমিক) হোসনে আরা আরজু প্রমুখ।