গ্রেপ্তারি আদেশ বাস্তবায়ন না হওয়ায় অসন্তুষ্ট ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনালে আবেদন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করানোর পরেও আসামি হাছেন আলীকে গ্রেপ্তারে কোনো অগ্রগতি না হওয়ায় প্রসিকিউশনের প্রতি অসন্তোষ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ৩ এপ্রিল প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার সৈয়দ মো. হাসান ওরফে হাছেন আলীকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার হাছেন আলীর গ্রেপ্তার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। তবে প্রসিকিউটর আবুল কালাম আজাদ কোনো দৃশ্যমান অগ্রগতির কথা জানাতে না পারায় অসন্তুষ্টি জানায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
পরে আগামী ৩০ জুন এ নিয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। সেদিন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির কাছ থেকে হাছেন আলীকে গ্রেপ্তারের প্রচেষ্টা নিয়ে অগ্রগতি প্রতিবেদন চাওয়া হয়েছে।
এর আগে জাতীয় পার্টির পলাতক নেতা আব্দুল জব্বারের গ্রেপ্তারি আদেশ বাস্তবায়িত না হওয়ার জন্য গত ১২ মে প্রসিকিউশনের উপর অসন্তুষ্টি প্রকাশ করছিল ট্রাইব্যুনাল।
এদিকে বৃহস্পতিবার হাছেন আলীর বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরো সময় আবেদন করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। তবে তদন্ত কাজ শেষ করতে ঠিক কতদিন সময় প্রয়োজন লিখিত আবেদনে তা স্পষ্ট করা হয়নি।
গত বছরের ৬ জুন হাছেন আলীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। শুনানিতে তদন্ত শেষ করতে মৌখিকভাবে আরো আট সপ্তাহ সময় আবেদন করে প্রসিকিউশন।
এ সময় বিচারক জাহাঙ্গীর হোসেন বলেন,“এর আগের দিন আপনি বলেছিলেন, অ্যাকিউজড ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তের কাছাকাছি এলাকার কোনো গ্রামে আছে এবং তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট প্রয়োজন। এক মাসের বেশি সময় পার হয়ে গেছে,তিনি কোথায়?”
তিনি আরো বলেন,“এখন আপনি তদন্ত সম্পন্ন করার জন্য আরো সময় চাইছেন। আবেদনে আপনি লিখেছেন ২০১৩ সালের ৬ জুন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রায় এক বছর সময়ের মধ্যেও তদন্ত শেষ হয়নি?”
পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, “অ্যারেস্ট ওয়ারেন্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে কি হয়নি সেটাও আপনি প্রতিবেদনে উল্লেখ করেননি। তদন্ত শেষ করতে কতোদিন লাগতে পারে, ধরেন ছয় বছর, ছয় মাস, ছয় সপ্তাহ, অন্তত সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আপনার আবেদনে সেসব কিছুই নেই।”
এ মামলায় ৩০ মে পরবর্তী শুনানির দিন রেখেছে ট্রাইব্যুনাল। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার, একই জেলার সদর থানার ওসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান।
