জগন্নাথে ছাত্রলীগে মারামারি, ৬ নেতা বহিষ্কার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর সংগঠনের ৬ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের সমর্থকদের মধ্যে বুধবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত দুই দফা মারামারিতে আহত হয়েছেন আটজন।
সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার ৬ নেতাকে বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাঈনুল সিদ্দিকী কানন, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন, উপ-আইন সম্পাদক সাদ্দাম হোসেন কানন, উপ-সম্পাদক মো. রায়হান, উপ-পাঠাগার সম্পাদক মো. ইব্রাহীম ও সহ-সম্পাদক শরীফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের ‘বংশী’ বাসের আসনে বসা নিয়ে ছাত্রলীগ কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরদিন সোমবারও দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এ ঘটনার জেরে বুধবার সকাল পৌঁনে ১০টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামের অনুসারীরা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের অনুসারী সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান খান, রাসেল ও সাইফুলকে মারধর করে।
এসময় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অশোক কুমার সাহা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কিছুক্ষণ পর সাধারণ সম্পাদকের সমর্থকরা ক্যাম্পাসে প্রবেশ করে কলাভবনে গেলে উভয়পক্ষের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপে সাংগঠনিক সম্পাদক গোলাম মাঈনুল সিদ্দিকীসহ ৮ জন আহত হন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সাধারণ সম্পাদকের সমর্থকরা যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশিরের নেতৃত্বে বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নেয়। অন্যদিকে কলা অনুষদে ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসিরউদ্দিন সভাপতি গ্রুপের কর্মীদের দমিয়ে রাখেন।
তবে বিজ্ঞান ভবনের সামনে সহকারী প্রক্টর মো. আবদুল বাকি সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের দমানোর চেষ্টা করলে শিশিরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
এদিকে বেলা পৌঁনে ১টার দিকে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়।
তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচতলা, বিশ্ববিদ্যালয় ক্যান্টিন ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুজি কালারল্যাবসহ পার্শ্ববর্তী এলাকায় ভাংচুর চালায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা জানান, তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
