ফটিকছড়ির ‘নিরাপত্তাহীন’ হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
ভূমিদস্যুদের নির্যাতনের মুখে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের একটি হিন্দু পরিবার।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ডা. রনজিৎ রায়ের পরিবারটি অভিযোগ করেছে, তাদের উচ্ছেদের চেষ্টা চলছে এবং এতে প্রভাবশালীরা জড়িত।
গত ৭ মে তাদের নির্মাণাধীন পাকা ঘরবাড়ি ভাংচুর করে পরিবারের সদস্যদের ওপর হামলা হয় জানিয়ে পরিবারের সদস্যরা বলেন, নিরাপত্তাহীনতার কারণে তারা এখন বাড়িছাড়া।
লিখিত বক্তব্যে রণজিৎ রায়ের ছেলে রুপন রায় অভিযোগ করেন, নতুন পাকা বাড়ি তৈরির সময় তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
“আমরা দিতে অস্বীকৃতি জানালে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে কাজ বন্ধ রাখতে বলে। কাজ বন্ধ না রাখায় ৭ মে বাড়িতে হামলা চালিয়ে ১৪টি পিলার, একটি মোটর সাইকেল ও আসবাবপত্র ভাংচুর করে।”
রুপন অভিযোগ করেন, ঘটনার পর ফটিকছড়ি থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমদিকে আগ্রহ দেখালেও পরে মামলা নিতে অপারগতা জানায়।
সংবাদ সম্মেলনে রনজিত রায়, তার স্ত্রী স্বপ্না রায়, সন্তান রুবেল রায়ও ছিলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক বিধান মিত্রও উপস্থিত ছিলেন।
