বিনিয়োগে বাধা খালেদা: মুহিত
বিদ্যুৎ সংকট কাটলেও বিনিয়োগ ‘খরা’ দূর না হওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিএনপি নেতৃত্বাধীন জোটের সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে কাঙ্ক্ষিত বিনিয়োগ হয়নি বলে মনে করেন তিনি।
বুধবার অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বিশ্ব ব্যাংক আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন কাইমসও উপস্থিত ছিলেন।
মুহিত বলেন, “বিনিয়োগের প্রধান প্রতিবন্ধকতা ছিলো বিদ্যূৎ না পাওয়া। সেটা বর্তমানে অনেকটা কেটে গেছে। তারপরও বিনিয়োগ হচ্ছে না। এর অন্যতম কারণ নিরাপত্তাহীনতা। আর নিরাপত্তাহীনতার মূল কারণ খালেদা জিয়া
“চলতি অর্থবছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। হরতাল, বোমাবাজি, আগুন এসব হয়েছে। খালেদা জিয়ার বোকা নীতির কারণে এসব হয়েছে।”
তবে সরকারি বিনিয়োগ বেড়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়ায় অনেকদিন ধরেই জিডিপিতে বিনিয়োগ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটা বাড়াতে হবে। নতুবা প্রবৃদ্ধি বাড়বে না।”
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রসঙ্গে তিনি বলেন, “ঠিকাদার চূড়ান্ত না হওয়া, ঠিকমত মনিটরিং না হওয়ার কারণে এই প্রকল্প বাস্তবায়ন দেরি হয়েছে। আশা করছি আগামী ২/১ বছরের মধ্যে প্রকল্পটি শেষ হবে।”
বৈদেশিক সহায়তা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “অনেকে বলেন আমরা অনেক বৈদেশিক সাহায্য পাচ্ছি। সেটা ঠিক না। কারণ বর্তমানে জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বৈদেশিক সাহায্য। এটা কমপক্ষে ২ শতাংশ হওয়া দরকার। তবে বৈদেশিক সাহায্য ব্যবহারে আমাদের দুর্বলতা রয়েছে। এজন্য আমাদের দক্ষতা বাড়াতে হবে। আগামী বাজেটে এ বিষয়ে উদ্যোগ থাকবে।”
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “এই ব্যবস্থা শুধু শিক্ষকদের উপকার করে। কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই ব্যবস্থা রাখবো না। শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে মনোযোগ দিবো। এমপিও চলতে দেয়া হবে না।”
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিষ্টিন কাইমস বলেন, “বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগোচ্ছে। ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১৮ বিলিয়ন দিয়েছে। আরো ২ দশমিক ৭ বিলিয়ন ডলার পাইপলাইনে আছে। এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে।
“বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে ঠিক পথে এগোচ্ছে। তৈরি পোশাক শিল্পেও ভালো করছে। সামগ্রিকভাবে আরো ভালো করতে হলে বাংলাদেশকে তার অগ্রাধিকারমূলক কাজগুলো সনাক্ত করার পাশাপাশি সেগুলো বাস্তবায়নের বাধাগুলোও কি কি তা চিহ্নিত করতে হবে।”
তিন পর্বের কর্মশালায় বাংলাদেশের উন্নয়নের চ্যালেঞ্জগুলো কী কী, কিভাবে বাজেট প্রতিবেদন করা উচিত তা নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা।
বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (লিড ইকোনোমিস্ট) সালমান জাইদি, ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বৈদেশিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান, দৈনিক ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক শাহরিয়ার করীম, বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হোসেন, প্রথম আলোর বার্তা প্রধান শওকত হোসেন মাসুম বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ সমাপনী বক্তব্য দেন।
ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইআরএফের ৫৮ জন সদস্য এই কর্মশালায় অংশ নেন।
