ফরিদপুরে ঝড় ও বজ্রপাতে দুই জনের মৃত্যু
ফরিদপুর সদর, ভাঙ্গা, সদরপুর, নগরকান্দা ও চরভদ্রাসন উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছ পড়ে ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঝড়ে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা ভেঙে পড়ে, এছাড়া উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়।
নিহতরা হলেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের কাসেম মুন্সীর স্ত্রী জহুরা বেগম ও ভাঙ্গা উপজেলার হামিরদী গ্রামের টুকু মিয়ার ছেলে মাহফুজ (০৫)।
ঢেউখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কোহিনুর বেগম জানান, ঝড়ের সময় উঠানে রাখা খড়ি রান্নাঘরে নিচ্ছিলেন জহুরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হামিরদী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান, ঝড়ের সময় বাড়ির বাইরে গেলে একটি গাছ ভেঙে মাহফুজের উপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর ভৌমিক জানান, হঠাৎ ঝড়ে চলতি মৌসুমের ফসলে বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান ক্ষেতের ক্ষতির পরিমাণ বেশি।
