২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কারখানায় আগুন

দিনাজপুর সদর উপজেলায় পশু খাদ্য তৈরির একটি কারখানায় আগুন লেগে কাঁচামাল পুড়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:20 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

বুধবার ভোরে উপজেলার মাসিমপুর এলাকায় ‘মেসার্স সাহাব ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দুটি গুদামে থাকা সাত হাজার বস্তা কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন কারখানাটির মালিক আবেদুর রহমান।

আবেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে কারখানা ও দুটি গুদামে আগুন লাগে। গুদামে প্রায় ৫ লাখ টাকা মূল্যের সাত হাজার বস্তা কাঁচামাল মজুদ ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গুদামে থাকা সব কাঁচামাল পুড়ে গেছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এ কে মোরশেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়েছে।