সম্প্রীতি বজায় রেখে উন্নয়নে অংশ নিন: রাষ্ট্রপতি
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মাবলম্বীদের জাতীয় উন্নয়নে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সকল ধর্মের জনগণ দলমত নির্বিশেষে জাতীয় উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবেন, এ প্রত্যাশা করি।”
মঙ্গলবার বিকেলে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনায় রাষ্ট্রপতি একথা বলেন।
বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, “মহামতি গৌতম বুদ্ধ একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন।”
তিনি বলেন, “অহিংস পরম ধর্ম মহামতি গৌতম বুদ্ধের এই বাণী আজও সমভাবে প্রযোজ্য। আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য।”
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা পণ্ডিত সত্যপ্রিয় মহাথেরো এসময় রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং উপস্থিত ছিলেন।
