২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি

বৃহত্তর খুলনার উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন ওই অঞ্চলের প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 10:09 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘অবহেলিত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রবি বলেন, পদ্মা সেতু নির্মাণ, মংলা ও ভোমরা বন্দরের উন্নয়ন এবং সুন্দরবন রক্ষায় সুন্দরবন বোর্ড গঠন করতে পারলে এই অঞ্চলের ‍উন্নয়ন সম্ভব।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল শামছুল আলম খান বলেন, “উন্নয়নের মূলমন্ত্র অর্থ। এজন্য বাজেটে অর্থ বাড়ানো প্রয়োজন।”

খুলনায় খান জাহান আলী বিমানবন্দরের জন্য জায়গা বরাদ্দ রয়েছে বলে জানান তিনি।

বাগেরহাটের আরেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেন, “সবাই উন্নয়নের কথা বলেন। কিন্তু জমি অধিগ্রহণ করতে গেলেই বাধা দেয়। এটা উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে।”

উন্নয়নে খুলনার পিছিয়ে থাকার জন্য সমন্বিত পরিকল্পনার অভাবকে দায়ী করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি।

“জাতীয় সংসদে কে কিভাবে উন্নয়নের কথা বলে তাতে বোঝা যায় আমাদের মধ্যে সমন্বয় নেই। সমন্বয়ের ঘটতির কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে।”

তবে উন্নয়নের নামে নদী ‘হত্যা’ না করার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, “পঞ্চাশ থেকে আশির দশকে বৃহত্তর খুলনা অঞ্চল সমৃদ্ধ ছিল। কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেই সময়ের মতো না থাকায় আমরা পিছিয়ে পড়েছি।”

খুলনার উন্নয়নে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

খুলনা জেলা সমিতির সভাপতি ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান শেখ মারুফ হাসান বলেন, “সমস্যা চিহ্নিত করে সেই অনুযায়ী অগ্রসর হলে বৃহত্তর খুলনার উন্নয়নে সামনের দিকে এগোনো যাবে।”

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মশিউর রহমান বলেন, বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

তিনি বলেন, “পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন আওয়ামী লীগের এ সময়েই পদ্মা সেতুর কাজ শেষ হবে।”

সরকারের পক্ষ থেকে মংলা বন্দরকে সচল করারও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহয়োগী চিকিৎসক বিশ্বাস আক্তার হোসেনসহ ওই অঞ্চলের অনেকে বক্তব্য দেন।