নূর হোসেনের সহযোগী রতন রিমান্ডে
নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার রফিকুল ইসলাম রতনকে সাত খুনের মামলায় সাত দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশ।
সোমবার গ্রেপ্তার রতনকে মঙ্গলবার নারায়ণগঞ্জের হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ।
শুনানি শেষে হাকিম এইচ এম শরিফুল ইসলাম সাত দিন রিমান্ডের আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান মিয়া জানিয়েছেন।
শিমরাইল এলাকা থেকে একদিন আগে গ্রেপ্তার রতন বিএনপি সরকার আমলে সিদ্ধিরগঞ্জ পরিবহন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনিও নূর হোসেনের সঙ্গে দলটিতে যোগ দেন। নূর হোসেনের সঙ্গে রতন কাচপুর-শিমরাইল এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ রয়েছে।
সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন পলাতক রয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এই পর্যন্ত ২২ জনকে আটক করা হয়, যার মধ্যে আটজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
