‘টাকা নিয়ে’ রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে বিজিবি
সীমান্তরক্ষা বাহিনীর ওপর অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব থাকলেও সেই বিজিবি সদস্যরাই টাকা নিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রাখাইন-রোহিঙ্গা দাঙ্গা এবং কাজের অভাব থাকায় জীবন-জীবিকার টানে প্রায় প্রতিদিনই মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা; যারা ক্রমশ বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আশ্রয় ও অল্প সময়ে বেশি আয়ের আশায় মিয়ানমার সীমান্তবর্তী বিভিন্ন অপরাধী চক্রের মাধ্যমে ইয়াবা ও মাদক পাচারের মতো কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছেন রোহিঙ্গারা। জীবনের ঝুঁকি থাকলেও এসব কাজে জড়িয়ে পড়ছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় কিছু দালালের সহযোগিতায় প্রতিদিনই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। আর এই অনুপ্রবেশে প্রায়ই টাকার বিনিময়ে সহযোগিতা করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা মূলত এদেশে অর্থনৈতিক সুবিধার জন্য আসে। আগে কক্সবাজার জেলার বিভিন্ন এলকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও এখন সারা দেশে তারা ছড়িয়ে পড়ছে।
“দালালের সহায়তায় এরা বাংলাদেশে ঢুকছে। বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে টাকা নিয়ে এদেশে ঢুকতে সহায়তাও করছে। অনেক সময় বাসে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের ধরা হলেও পরে টাকা নিয়ে ছেড়ে দেয়া হয়।”
সরেজমিনে গিয়েও এ অভিযোগের সত্যতা পাওয়া যায়।
গত ২৭ এপ্রিল টেকনাফ উপজেলার হ্নীলা’র জাদিমুড়া পয়েন্টে সকাল ১০টার দিকে দুটি নৌকায় করে রোহিঙ্গাদের ঢুকতে দেখা যায়। মিয়ানমারের রাইম্যাঘোনা ও কাইনপাড়া থেকে আসা একেকটি নৌকায় ছিলেন ১০ থেকে ১২ জন নারী ও পুরুষ।
গত ২৭ এপ্রিল সকালে টেকনাফের হ্নীলা’র জাদিমুড়া পয়েন্টের দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌকা।
প্রতিবেদক যতক্ষণ ছিলেন ততক্ষণ সেখানে নৌকা দুটিকে আসতে দেখা যায়নি।
পরে ওখান থেকে সরে মূল রাস্তায় উঠতেই একটি ঝোঁপের আড়াল থেকে নৌকা দুটি আবার ফিরে আসতে শুরু করে। একটু আড়াল থেকে নৌকার গতিবিধির ওপর নজর রাখা হয়।
বেলা ১১টার দিকে নৌকা দুটি থেকে ২০ জনকে নামতে দেখা যায়, যারা রোহিঙ্গা বলে পরে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই হ্নীলার জাদিমুরার জাইল্যা পাড়া আর চৌধুরী পাড়া পয়েন্ট থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। বাংলাদেশে ঢোকার পর প্রথমে এরা নয়াপাড়া, লেদা, মচনিসহ আশপাশের এলাকায় অবস্থান করে। পরে কাজের সুবিধা অনুযায়ী বিভিন্ন জায়গায় চলে যায়।
ওই দিনের পর আরো দুই দিন ওই এলকায় গিয়ে একই চিত্র দেখা যায়।
গত ২৯ এপ্রিল দুই ছেলে-মেয়ে নিয়ে এই এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকেন এক রোহিঙ্গা নারী।
নিজের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, তার স্বামী কয়েকদিন আগে রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকেছে। মিয়ানমারে কাজের অভাব আর জাতিগত সংঘাতের ভয়ে তারা বাংলাদেশে পাড়ি জমিয়েছেন।
তিনি জানান, কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে তার শ্বশুর-শ্বাশুড়িসহ কয়েকজন আত্মীয়-স্বজন থাকেন। তার থাকার ব্যবস্থা হয়েছে লেদা অনিবন্ধিত ক্যাম্পে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিজন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে হলে কয়েকটি জায়গায় ঘুষ দিতে হয়। এর মধ্যে বিজিবির সদস্যদের দিতে হয় তিন থেকে পাঁচশ’ টাকা। এরপর নৌকার মাঝিকে দিতে হয় পাঁচশ’ টাকা। আর আশ্রয়ের জন্য স্থানীয় প্রভাবশালীকে দিতে হয় এক হাজার টাকা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিজিবির কড়া পাহারার কারণে এই এলাকা দিয়ে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে না। তবে দীর্ঘ ৫৪ কিলোমিটার সীমান্ত থাকায় দুই একজন অনুপ্রবেশ করে থাকতে পারে।”
২৭ এপ্রিল হ্নীলা’র জাদিমুড়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার বর্ণনা দিলে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ হাসান বলেন, “দিনে-দুপুরে এভাবে রোহিঙ্গারা ঢুকতে পারে না। বিজিবি এখানে কড়া পাহারায় আছে।”
রোহিঙ্গা অনুপ্রবেশে বিজিবির সহায়তার অভিযোগ নাকচ করে তিনি বলেন, “বিজিবি যদি রোহিঙ্গা ঢোকাতে চাইতো তাহলে দেশে তাদের সংখ্যা ছয়লাব হয়ে যেতে।”
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩০ হাজারসহ দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।
এর বাইরে আরো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে।
সম্প্রতি বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর শরণার্থী শিবিরের বাসিন্দা গণনার কাজ শুরু করেছে।
সরকারিভাবে উদ্যোগ নেয়া হয়েছে সারা দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সংখ্যা বের করার। রোহিঙ্গা গণনার উদ্দেশ্যে একটি কৌশলপত্রও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তবে এই গণনার আগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি জরুরি বলে মনে করছেন আরআরআরসির কমিশনার ফরিদ আহমেদ ভূইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রোহিঙ্গা গণনার জন্য পরিসংখ্যান ব্যুরো প্রকল্প প্রণয়ন শুরু করেছে। তবে গণনার আগে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া জরুরি।
“বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গারা দিনমজুরসহ বিভিন্ন কাজ করছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়ছে তারা।”
নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রশয় দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। ক্ষমতার রাজনীতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে সম্বলহীন রোহিঙ্গাদের।”
প্রায় দুই দশক আগে মিয়ানমারে জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে বাংলাদেশে ঢোকা শুরু করে সে দেশের মুসলিম নাগরিক রোহিঙ্গারা। বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার সরকার।
