লালমনিরহাটে সংঘর্ষে নিহত ১
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধান কাটা নিয়ে দুই ভাইয়ের লোকজনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উত্তর দলগ্রাম গ্রামের আব্দুল মালেক ও তার বড় ভাই আব্দুল খালেকের লোকজনের মধ্যে এ সংঘর্ষের পর নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
নিহত আবুল কাশেম ছোট ভাই মালেকের পক্ষে ধান কাটতে গিয়েছিলেন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান আলী জানান, সকালে লোকজন নিয়ে জমিতে ধান কাটতে যান কৃষক আব্দুল মালেক।
এরপর তার বড় ভাই খালেক নিজেকে ওই জমির মালিক দাবি করে বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাশেম ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ওসি ওসমান আলী।
ওসি আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।
