তিন মাস নিখোঁজ এক শহীদ মাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক শহীদ মুক্তিযোদ্ধার মায়ের খোঁজ তিন মাসেও মেলেনি। মুক্তিযোদ্ধা পরিচয়ে এক ব্যক্তি এ বৃদ্ধাকে গুম করেছে বলে তার পরিবারের সদস্যদের অভিযোগ।
পরিবারের সদস্যরা জানান, উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা হেবজু মিয়ার মা আমেনা খাতুনকে (৭০) মুক্তিযোদ্ধা রেশন কার্ড নবায়ন করার কথা বলে এ বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকায় নিয়ে যান কমলগঞ্জের দক্ষিণ কুমড়াকাপন গ্রামের আনু মিয়া।
এরপর থেকে তার খোঁজ পাচ্ছে না পরিবার। আনু মিয়া নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন ওই পরিবারের কাছে।
“মায়ের খোঁজ না পেয়ে আনু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিভিন্ন টালবাহানা শুরু করেন। গত ১৩ ফেব্রুয়ারি তিনি জানান মায়ের খোঁজ পাওয়া গেছে। ০১৯৫৩-৩৬৮৯৫০ মোবাইল নম্বরে আড়াই হাজার টাকা বিকাশ করতে এবং বাইশ হাজার টাকা নিয়ে খুলনার কয়রায় যেতে হবে।”
সেখানে মা একটি ক্লিনিকে ভর্তি আছেন বলেও জানান তিনি। তখন অ্যাম্বুল্যান্সে করে মাকে আনার কথা বলা হয়। এরপর থেকে আনু মিয়ার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এরপর ১৭ ফেব্রুয়ারি ঘটনাটি তৎকালীন কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমানকে জানানো হয়। ওই দিনই তিনি কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
একই দিন আনু মিয়াকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশের কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “কমলগঞ্জ থানার এসআই আনজির হোসেন তাকে বলেছিলেন গুমের মামলা করবেন না। আনু মিয়া খারাপ লোক, আপনাদের ক্ষতি করতে পারে।”
জিডির বর্তমান তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরদর্শক (এসআই) গৌরাঙ্গ কুমার বসু বলেন, আগের তদন্তকারী কর্মকর্তা আনজির হোসেন বিষয়টি ঢাকায় সিআইডি অফিসসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। মাত্র দু-তিন দিন হলো তিনি তদন্তের দায়িত্বভার পেয়েছেন। এখন বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখবেন।
কমলগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান বলেন, আমেনার মেয়ে শামছুন নাহার ১৭ ফেব্রুয়ারি তাকে বিষয়টি জানিয়েছেন। এরপর তিনি শামছুন নাহারকে সঙ্গে নিয়ে কমলগঞ্জ থানা পুলিশের শরণাপন্ন হন।
তিনি বলেন, “আনু মিয়া সুবিধার লোক নয়। সে কুলাউড়া, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিভিন্ন সময় বসবাস করে। স্বপ্রণোদিত হয়ে আনু মিয়া কার্ড নবায়ন করার কথা বলে আমেনাকে সঙ্গে নিয়ে যাওয়ায় সন্দেহ হচ্ছে নিখোঁজ হওয়ার পেছনে আনু মিয়ার হাত থাকতে পারে।”
বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার বলেন, আনু মিয়া কমলগঞ্জ উপজেলার মু্ক্তিযোদ্ধা নয়। সে বাইর থেকে এসে কমলগঞ্জে ভাড়া থাকত। বর্তমানে তাকে এলাকায় দেখা যাচ্ছে না।
কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত আনু মিয়ার বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
