মেহেরপুরে বিএনপি নেতা গ্রেপ্তার
মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে কেদারগঞ্জের নিজ বাড়ি থেকে দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
মুজিবনগর থানার ওসি আসলাম হোসেন জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি গাছ কেটে সড়ক অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং থানার সে সময়ের ওসি রবিউল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর ও জখম করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন দাবি করেন, বিএনপি নেতা রশিদের বিরুদ্ধে থানায় কোন মামলা ছিল না।
“পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।”
