২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মাননীয় প্রতিমন্ত্রী অতিশয় ভদ্র'

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 02:49 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এ ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী অতিশয় ভদ্র।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“তিনি দায়িত্ব পালনে ব্যর্থ কি না তা নিয়ে মন্তব্য করা জাতীয় মানবাধিকার কমিশনের কাজ নয়।”

সোমবার রাজধানীর সেভেনহিল হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘ট্রেনিং অন হিউম্যান রাইটস জার্নালিজম’ শীর্ষক কর্মশালায় কথা বলেন মিজানুর রহমান।

২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পরই আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করা হলেও লাশ উদ্ধারেরও কয়েকদিন পর তার বাড়িতে অভিযানের সমালোচনা করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, “ঘটনার সাতদিন পর সেখানে অভিযান চালানো হয়েছে। এটি হত্যার আলামত নষ্ট করার জন্য যথেষ্ট সময়। যাদের কারণে এ বিলম্বে অভিযান পরিচালিত হয়েছে তারাও সমদোষী। তাদেরও শাস্তি হওয়া উচিত।

“স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে বলেছেন, এটি স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। তবে এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।”