নদীতে নূর হোসেনের লাশ ভেসে ওঠার গুজব
নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের লাশ মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে ভেসে ওঠার খবর পেয়ে নদীতে অনুসন্ধান চালিয়েছে পুলিশ। তবে এর কোনো সত্যতা মেলেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
“সাংবাদিকরাও ঘটনার সত্যতা জানার জন্য ফোন করতে থাকে। পরে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনটি ট্রলার নিয়ে পুরো নদী চষে বেড়ায়। লাশ ভেসে উঠার কোনো সত্যতাই পাওয়া যায়নি। এটা স্রেফ গুজব।”
কে বা কারা এই গুজব ছড়িয়েছে এবং কোন এলাকা থেকে এর সূত্রপাত তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা জাকির।
এদিকে ধলেশ্বরীতে নূর হোসেনের লাশ ভেসে উঠেছে বলে খবর পেয়ে সংবাদকর্মীরাও শহরের ধলেশ্বরী তীরের লঞ্চঘাটে ছুটে যান। তারাও স্থানীয় বিভিন্ন সূত্র ও লোকজনকে জিজ্ঞাসা করে এর কোনো সত্যতা পাননি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, “লাশ ভেসে ওঠার খবর লোকমুখে শুনে পুলিশ তল্লাশি চালায়। ধলেশ্বরী নদী ছাড়াও মুন্সীগঞ্জ সীমানার শীতলক্ষ্যা ও মেঘনা নদীতেও ট্রলার নিয়ে খোঁজ করা হয়।
“এছাড়া ধলেশ্বরী নদীতে নৌ টহল জোরদার করা হয়েছে।”
নারায়ণগঞ্জ থেকে একটি চক্র অসৎ উদ্দেশ্যে নূর হোসেনের লাশ উদ্ধারের এই গুজব ছড়িয়েছে বলে মনে করছেন ওসি শহীদুল।
৩০ এপ্রিল ও ১ মে মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদীতেই কাউন্সিলর নজরুলসহ সাতজনের লাশ ভেসে ওঠে।
ওসি শহীদুল বলেন, নদী থেকে সাতজনের লাশ উদ্ধারের সময় নূর হোসেন মুন্সীগঞ্জে অবস্থান করছিলেন এবং লাশ উদ্ধারের খবর পেয়েই ধলেশ্বরী নদী দিয়েই স্পিডবোটে করে মেঘনা নদী দিয়ে পালিয়ে যান বলে কথা উঠেছে।
এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
