২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যা: অভিযোগপত্রের দাবি ২৫ বিশিষ্ট ব্যক্তির

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারে দ্রুত অভিযোগপত্র দেয়ার দাবি জানিয়ে সোমবার বিবৃতি দিয়েছেন দেশের ২৫ জন বিশিষ্ট ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

বিবৃতিতে বলা হয়, গত বছর ৬ মার্চ ত্বকীকে হত্যার পর ১৪ মাস পার হলেও এ মামলার অভিযোগপত্র দেয়া হয়নি।

বিচার কার্যক্রমে সরকারের ভূমিকা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন বিবৃতিদাতারা। ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে অভিযুক্ত আসামির জনসমক্ষে ঘুরে বেড়ানো ও উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছেড়ে পালিয়েও যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা।  

ত্বকী হত্যার সুষ্ঠু বিচার হলে নারায়ণগঞ্জে সাত খুনের মতো নৃশংস ঘটনা ঘটত না বলেও মনে করেন বিবৃতিদাতারা।

অবিলম্বে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে সকল অভিযুক্তদের আইনের আওতায় আনা ও অভিযোগপত্র দেয়ার দাবি সরকারের কাছে জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, কাইউম চৌধুরী, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক যতীন সরকার, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ আবুল মকসুদ, ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক মাহ্ফুজা খানম, অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক হায়াৎ মামুদ, রামেন্দু মজুমদার, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. শাহদীন মালিক, ড. সফিউদ্দিন আহমদ, মামুনুর রশীদ, ড. শওকত আরা হোসেন, ডা. সারোয়ার আলী, অধ্যাপক শফি আহমেদ, ড. মালেকা বেগম, মফিদুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম. এম. আকাশ ও শিশির ভট্টাচার্য্য।