অজ্ঞান পার্টির তিন সদস্যকে ধোলাই
গুলিস্তান থেকে মাওয়াগামী একটি বাস থেকে অজ্ঞান পার্টির তিন সদস্যকে ধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেছে জনতা।
সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কে একটি বাস থেকে হাতেনাতে ধরা পড়েন লৌহজংয়ের খিদিরপাড়া গ্রামের জামাল শেখ ওরফে সুজন (৫০), উজ্জ্বল শেখ (৪০) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপোল এলাকার সাইফুল ইসলাম (৪২)।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ হাসান জানান, খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে এক যাত্রীর টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার সময় বাসের যাত্রীরা তাদেরকে ধরে মাওয়ায় নিয়ে যায়।
সেখানে উপস্থিত লোকজন তাদের প্রচণ্ডভাবে প্রহার করে পুলিশে দেয়।
এসআই খালিদ আরো জানান, লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের আশেক আলী টেপার ছেলে কামাল টেপা (৪০) দুপুর ১টার দিকে ঢাকার গুলিস্তান থেকে একটি বাসে করে মাওয়া যাওয়ার পথে এ তিন দুর্বৃত্তের খপ্পড়ে পড়েন।
অজ্ঞান কামালকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, বলেন এসআই।
