দুর্বৃত্তের ছুরিকাঘাতে কারারক্ষী আহত
মুন্সীগঞ্জ জেলা কারাগারের এক কারারক্ষীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আহত কারারক্ষী শরীফ সরকারকে গুরুতর অবস্থায় রোববার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠে ১৮টি ও হাতে নয়টি সেলাই দেয়া হয়েছে।
তিনি জানান, ডিউটি শেষে কারারক্ষী শরীফ মুন্সীগঞ্জ কাঁচা বাজারে যান। এ সময় উত্তর কোটগাঁও এলাকার আওলাদ হোসেনের ছেলে আবিদ হোসেন ও তার সহযোগীরা শরীফের পিঠে ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় জনতা শরীফকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আবিদ একটি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাভোগ করেছেন।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, বলেন ওসি।
