দুই দিনেও উদ্ধার হয়নি এইচএসসি পরীক্ষার্থিনী
ফরিদপুরের বোয়ালমারী থেকে অপহৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থিনীকে দুই দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
রোববার বোয়ালমারী সরকারি কলেজ ফটকে মায়ের সামনে থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় বোয়ালমারীর কামারগ্রামের আজিজুর রহমান তরুণ ঠাকুরের ছেলে আশরাফুর রহমান লিখন ঠাকুর।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানান, মেয়েটি অপহরণ হওয়ার খবর মৌখিকভাবে পাওয়ার পর থেকেই পুলিশ অভিযান শুরু করে। পরে এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।
“এরই মধ্যে অপহরণকারীর বাবাকে আটক করা হয়েছে। আশা করছি দ্রুত মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে,” বলেন ওসি।
এদিকে, মেয়েকে হারিয়ে নাওয়া খাওয়া বন্ধ করে সীমাহীন উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন মেয়েটির স্বজনরা। মেয়েকে উদ্ধারে উদ্যোগ নিতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে ধর্ণা দিচ্ছেন।
স্থানীয় মিনহাযুর রহমান বলেন, লিখন অত্যন্ত বখাটে প্রকৃতির যুবক। ওর ভয়ে গ্রামের মেয়েরা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে পারে না। একটি মেধাবী শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যাবে।
মেয়েটির বাবা বোয়ালমারী উপজেলা বিএডিসির প্রকৌশলী জানান, তার মেয়েটি অত্যন্ত মেধাবী। বখাটে লিখন তার বখাটে বন্ধু-বান্ধব নিয়ে তার মেয়েকে অপহরণ করেছে।
দুই দিন পরও তার মেয়ে উদ্ধার না হওয়ায় নাওয়াখাওয়া ছেড়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানান।
মেয়েটিরর মা বলেন, মেয়েকে কলেজের সামনে থেকে লিখন জোর করে তুলে নিয়ে গেছে। শুধু তার মেয়ে নয় গ্রামের মেয়েরা লিখনের ভয়ে বাড়ি থেকে বের হতে পারে না।
রোববার ছিল এইচএসসির কম্পিউটার বিষয়ে পরীক্ষা। একে অংশ নিতে মার মেয়েটি বোয়ালমারী সরকারি কলেজে যাচ্ছিলেন। কলেজ ফটক থেকে লিখন তাকে অপহরণ করে।
ওইদিনই তারা মা বাদী হয়ে লিখন, তার বাবা, মা, বড় ভাই ও এক বন্ধুর নামে থানায় মামালা করেছেন।
