সাভারে আনসার সদস্যের লাশ উদ্ধার
ঢাকার সাভারে একটি প্যাকেজিং কারখানা থেকে এক আনসার সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে হরিণধরা এলাকায় এ কে এইচ প্যাকেজিং কারখানায় ভবসিন্ধু রায়ের (৩৫) লাশটি পাওয়া যায়।
লালমনিরহাট সদর থানার পাচপুর এলাকার শ্রীধর চন্দ্র রায়ের ছেলে ভবসিন্ধু ওই প্যাকেজিং কারখানায় কাজ করতেন।
সাভার মডেল থানার এসআই তাপস কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ডিউটি শেষ করে ঘুমাতে যান ভবসিন্ধু রায়। দুপুরেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা ডাকতে গিয়ে দেখে মৃত অবস্থায় পরে রয়েছেন তিনি।
পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রচণ্ড তাপদাহে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।
