পটুয়াখালীতে দুর্নীতির মামলায় উপ-সচিব কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় দুই উপ-সচিবসহ সরকারের তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদার এ আদেশ দেন।
এর আগে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
এরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আলাউল হক, অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আবদুল মান্নান ও পটুয়াখালী সিভিল সার্জন অফিসের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল আউয়াল।
মামলার নথি থেকে জানা যায়, পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের ঔষধসহ বিভিন্ন মালামাল ক্রয়ে জালিয়াতির অভিযোগে ২০০০ সালে একটি মামলা (নং ২২/২০০০) করেন তৎকালীন পটুয়াখালী দুদকের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ।
পটুয়াখালী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হারুন-অর-রশিদ জানান, অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক রাম মোহন নাথকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ২০১৩ সালের ২৯মে পটুয়াখালী বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
তিনি জানান, সোমবার মামলার ধার্য্য তারিখ আদালতে হাজির হলে বিচারক এ তিন আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এছাড়া মামলার অপর আসামিরা উচ্চ আদালতের জামিনে আছেন বলে তিনি জানান।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন তৎকালীন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. সোহরাব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বর্তমান উপ-সচিব আলাউল হক, অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন উপ-সচিব আবদুল মান্নান, একই মন্ত্রণালয়ের সাবেক পরিচালক (অর্থ) আব্দুল করিম, একই মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব প্রশান্ত কুমার দাস, পটুয়াখালী সিভিল সার্জন অফিসের প্রাক্তন হিসাবরক্ষণ কর্মকর্তা খান মো. আউয়াল, পটুয়াখালী আজাদ ফার্মেসীর স্বত্তাধিকারী ইমতিয়াজ আহমেদ।
আসামিদের যোগসাজসে ওই কাজের দরপত্রের ৩৯ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা আত্মসাত করা হয় বলে এ মামলায় অভিযোগ করা হয়।
