রামুর ঘটনায় উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার মামলার অন্যতম আসামি পাশের জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
তোফায়েলকে জামিন দেয়ার বিষয়ে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দিয়েছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক জানিয়েছেন।
তোফায়েলকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
তোফায়েলের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মকবুল হোসেন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়।
সারা রাত ধরে চলা তাণ্ডবে সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
এ হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে তোফায়েলের বিরুদ্ধে। গত ২৮ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হলেও হাই কোর্ট থেকে জামিন নিয়ে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন।
