২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক আটক

সাভারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার রাতে সাভারের আকরাইন এলাকায় এ ঘটনায় আটক সেলিম মিয়া (২৪) পিরোজপুর সদরের টোনা গ্রামের বাবর হোসেনের ছেলে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।।

নিহত বৃষ্টি আক্তার (০৬) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়পাড়া গ্রামের গোলাম আজমের মেয়ে। আজম সাভারের আকরান এলাকার হাজী বশির উদ্দিনের ভাড়া বাড়িতে থাকেন।

ওসি মোস্তফা কামাল বলেন, একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে সেলিম শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ শেষে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে লাশটি বাড়ির পেছনে ঝোপের মধ্যে ফেলে রাখে।

পরে বাড়ির লোকজন খোঁজাখুজি করে লাশটি উদ্ধার করে এবং সেলিমের কথাবার্তা সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তার ঘর তল্লাশি করে রক্তমাখা লুঙ্গি উদ্ধার করেছে।

আটক সেলিম শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

শিশুটির বাবা অটোরিকশা চালক গোলাম আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নিখোঁজ হয়। আশপাশের বাড়িতেও খোঁজাখুজি করে পাওয়া যায়নি। সবার সঙ্গে সেলিমও বৃষ্টিকে খুঁজতে থাকে।

“রাত ১১টার পর হঠাৎ সেলিম বলে, বাড়ির পেছনে একটু খুঁজে দেখি। তখন আমার সন্দেহ হয়। পরে তার কথামতো বাড়ির পেছনে গিয়ে বৃষ্টির লাশ দেখতে পাই।”

তিনি বলেন, বাড়ির লোকজন সেলিমকে ধরে মারধর করলে সে জানায় পাউরুটি খাওয়ানের কথা বলে বৃষ্টিকে তার রুমে ডেকে আনে। পরে মুখ বেঁধে ধর্ষণ শেষে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ জানালা দিয়ে ঘরের বাইরে ফেলে দেয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।