২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁ থানার সামনে ব্যবসায়ীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার প্রধান ফটকের কাছে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার সকালে থানার প্রধান ফটক থেকে ১০ গজ দূরে মেনীখালী নদের পাকা ঘাটে তোতা মিয়ার (৩৮) লাশ পাওয়া যায়। তিনি উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ গ্রামের প্রয়াত মহব্বত আলীর ছেলে। জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন তিনি।

নিহতের পরিবার জানায়, তাকে শনিবার সন্ধ্যায় ফোন করে থানায় ডেকে আনা হয়েছিল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, থানার অদূরে থানা পুলিশের পাকা বসার স্থানে তোতার লাশ পাওয়া যায়। সকাল ৭টায় পুলিশ সদস্যরা গোসল করতে মেনীখালী নদে নামার সময় ঘাটে লাশটি দেখে থানার ওসিকে বিষয়টি জানান।

খবর পেয়ে তোতা মিয়ার স্ত্রী লিলি আক্তার স্বামীর লাশ সনাক্ত করেন।

তোতা মিয়ার চোখের ডান পাশে, মাথার বিভিন্ন স্থান ও কপালে আঘাতের চিহৃ রয়েছে।

লিলি আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামীকে শনিবার সন্ধ্যায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত হোসেন মোবাইল ফোনে ডেকে থানায় আনেন। রাতে তার স্বামী আর বাসায় ফেরেননি।

তিনি আরো জানান, এএসআই হেমায়েত হোসেন সম্প্রতি তাদের গ্রামের পাশে একটি জমি ক্রয় করেন। জমিটি ক্রয় করার সময় মধ্যস্থতা করেন তার স্বামী। ওই জমিটির মালিকানা নিয়ে জমির দাবিদার দুজন মালিকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এএসআই হেমায়েত হোসেন জমির মালিকদের মধ্যে এসব দ্বন্দ্বকে পুঁজি করে জমিটি অল্প টাকায় বায়না দিয়ে গত চারদিন ধরে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন।

তিনি জানান, থানার ওয়্যারলেস অপারেটর ফিরোজ আহাম্মেদ এ ঘটনায় একটি মামলার এজাহার থানার কম্পিউটারে টাইপ করেন এবং তা থেকে প্রিন্ট নিয়ে তার (লিলি) স্বাক্ষর নেন। এজাহারে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

এজাহারের নিচে শুধু লেখা হয় তার স্বামীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল তাদের প্রতিবেশী বাচ্চু মিয়া ও খোকন মিয়া নামের তাদের আপন দুই ভাইয়ের।

লিলি আক্তার জানান, “মামলার এজাহার লেখার সঙ্গে আমি ও আমার পরিবারের কারো সম্পৃক্ততা নেই। পুলিশ টাইপ করা এজাহারে স্বাক্ষর দিতে বলার পর আমি তাতে স্বাক্ষর দিয়ে চলে আসি।”

তার স্বামীকে পুলিশ কী কারণে থানায় ডেকে নিল তা তদন্ত হওয়া দরকার বলে মনে করেন লিলি।

“যেহেতু পুলিশের ডাকে আমার স্বামী থানায় এসেছিল, সেহেতু আমার স্বামীকে নিরাপদে পৌছে দেওয়ার দায়িত্বও ছিল তাদের,” বলেন লিলি।

স্থানীয় জামপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোতালেব ভুইয়া জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই দুপক্ষের দ্বন্দ্ব চলছিল। হটাৎ তারা জানতে পারেন তোতা মিয়ার মাধ্যমে জমিটির বায়নার টাকা দিয়ে জমির নিবন্ধন না করেই এএসআই হেমায়েত হোসেন সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেছেন।

পুলিশের ভয়ে কেউ বাধা দিতে সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে এএসআই হেমায়েত হোসেন জানান, “অন্য একটি বিষয়ে কথা বলার জন্য তোতা মিয়াকে থানায় আসার জন্য বলেছিলাম। আমার সঙ্গে সে দেখা করে থানার বাইরে যাওয়ার পর কী ঘটেছে তা আমার জানা নেই। আমি তোতা মিয়ার মাধ্যমে জমিটি আমার ভাইয়ের নামে ক্রয় করার জন্য বায়নার টাকা দিয়ে সীমানা প্রাচীর  নির্মাণ কাজ শুরু করেছি।”

জমি নিবন্ধন না করে শুধু বায়নার টাকা দিয়েই সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলেন কেন জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

থানার ওয়্যারলেস অপারেটর ফিরোজ আহাম্মেদ জানান, “থানার এসআইদের নির্দেশে আমি এজাহার কম্পিউটার কম্পোজ করেছি একথা সত্য।”

সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, “থানার ঘটলায় কীভাবে ব্যবসায়ী খুন হলেন বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”

তোতা মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

স্থানীয়রা জানান, থানা পুলিশের এ ঘাটলায় পুলিশের সদস্য ছাড়া অন্য কেউ গোসল করতে আসেন না। পুলিশের সদস্যরা সব সময় ঘাটলার পাকা স্থানে বসে বিশ্রাম করেন। আর থানার প্রধান ফটকের সামনে সব সময় পুলিশ পাহারা থাকে।