কলেজের ভেতর পানির কারখানা, অধ্যক্ষ গ্রেপ্তার
রাজধানীর মালিবাগ মোড়ে বেসরকারি ঢাকা বিজ্ঞান কলেজের ভেতরে গড়ে উঠেছে অবৈধ পানির কারখানা।
ওই কারখানার সঙ্গে ওয়াসার পানির সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে সরকারি কাজে বাধা দেয়া ও মারধর করার অভিযোগে কলেজটির অধ্যক্ষসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে কলেজের ভেতর থেকে অধ্যক্ষ এমএ মালেক ও জসিম উদ্দিন নামে একজন গ্রেপ্তার হন।
শাহজাহানপুর থানার এসআই আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই পানির করাখানায় ওয়াসার অভিযানের সময় অধ্যক্ষসহ শিক্ষার্থীরা বাধা দেয়। এসময় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকসহ কয়েকজন আহত হন।
এঘটনায় ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী বাদি হয়ে অধ্যক্ষকে প্রধান আসামি করে শাহজাহানপুর থানায় একটি মামলা করেছে।
আব্দুল কাদের বলেন, “রোববার বেলা ১১টার দিকে ওয়াসার ম্যাজিস্ট্র্যাট খলিল আহমেদের নেতৃত্বে একটি দল কলেজের ভেতরে অভিযান চালিয়ে পানির লাইন কেটে দেন এবং কারখানা সীলগালা করেন। তাদের কাজে কলেজের অধ্যক্ষ বাধা দেন এবং তার উসকানিতে শিক্ষার্থীরা অভিযানকারীদের উপর হামলা চালায়।
“তারা অভিযান দলের ওপর ইট-পাথর ছুঁড়ে মারেন। এসময় একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।”
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মামলার এজাহারে, আসামি হিসাবে শুধু দুজনের নাম উল্লেখ করা হলেও আরো অনেকে হামলায় যুক্ত ছিল বলে বলা হয়েছে।
এসআই কাদের জানান, এর আগে কারখানাটি বন্ধ করে দেওয়া হলেও অধ্যক্ষ তা আবার চালু করেন।
কোনো ধরণের সহিংসতা এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
