নারায়ণগঞ্জে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে এলেন মতিয়া
কাউন্সিলর নজরুল ইসলামসহ নারায়ণগঞ্জে নিহত সাতজনের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম মিজমিজি এলাকায় কাউন্সিলর নজরুলের বাড়িতে যান মতিয়া চৌধুরী।
এসময় নিহত কাউন্সিলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, শ্বশুর শহীদুল ইসলাম এবং ভাই আব্দুস সালামসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে মতিয়া বলেন, “এই হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিচার হবেই। প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেবেন না।”
নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম কৃষিমন্ত্রীর কাছে তার সন্তানদের নিরাপত্তা চান। হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনের ফাঁসির দাবিও জানান তিনি।
“যদি নূর হোসেন কখনো আবার সিদ্ধিরগঞ্জে ফিরে আসে, তবে সে কাউকে শান্তিতে থাকতে দেবে না। এমন আরো অনেক মানুষকে আবার জীবন হারাতে হবে।”
শহীদুল ইসলাম এই হত্যাকাণ্ডে ‘সংশ্লিষ্ট’ র্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি মন্ত্রীকে জানান।
“নজরুলসহ সবার লাশের সাথে ইট বাঁধা যে ব্যাগ পাওয়া গেছে, সেই ব্যাগ দিয়ে র্যাবের রেশন দেয়া হয়। যে ইট পাওয়া গেছে, সেই ইট র্যাবের একটি ক্যাম্পের পাশে এখনো মজুদ। তাহলে বিষয়টি পরিষ্কার, র্যাব এ হত্যার সঙ্গে জড়িত।”
নজরুলের বাড়ি যাওয়ার আগে মতিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের বাড়িতে গিয়ে তার স্ত্রী অর্চনা সরকারসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এরপরতিনি যুবলীগকর্মী মনিরুজ্জামান স্বপন, তার গাড়িচালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি তাজুল ইসলাম, যুবলীগকর্মী সিরাজুল ইসলাম লিটনের বাড়িতে যান।
চন্দন সরকারের বাড়িতে মতিয়া চৌধুরী
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ব্যবসায়ী ওমর ফারুক, আব্দুল হাকিম প্রমুখ।
এদিকে আগামী ১৪ মে বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের দেখা করার কথা রয়েছে।
ওই দিন সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
১৪ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও নারায়ণগঞ্জে যাওয়ার কথা।
জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিন্তু ওই দিনই প্রধানমন্ত্রী নিহত ৭ জনের পরিবারকে গণভবনে ডেকেছেন বলে আমরা শুনেছি।
“এটা গণতন্ত্রের প্রতি কৌশলে পদাঘাত। আমরা এর নিন্দা জানাই। এটা নিহতের পরিবারের ন্যায়বিচার পেতে প্রতিবন্ধকতা তৈরি করবে। এ বিষয়ে আমরা চেয়ারপারসনের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করব।”
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে চার সহযোগসহী অপহৃত হন কাউন্সিলর নজরুল ইসলাম। একই সময় থেকে নিখোঁজ ছিলেন আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ি চালক।
তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে সাত জনের লাশ উদ্ধার করা হয়।
