২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণে অসুস্থ মাদ্রাসা ছাত্রী, গ্রেপ্তার ২

অপহরণের পর দুসপ্তাহর বেশি সময় আটকে রেখে ধর্ষণে গাজীপুরের কাপাসিয়ার সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:31 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার রাতে উদ্ধারের পর মেয়েটিকে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে গাজীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় শনিবার মেয়েটির মা কাপাসিয়া থানায় মামলা করার পর দুই যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষণ ও অপহরণের ঘটনায় তার মায়ের মামলার পর গ্রেপ্তার করা হয় খিরাটি মানিক বাজার এলাকার মাজাহারুল ইসলাম সুমন (২৫) ও আরিফকে (২২)।

মামলার অপর আসামিরা হলেন কামারগাঁও এলাকার মো. কাওসার মিয়া (২৪), খিরাটি এলাকার সজিব (২২) ও রাজিবসহ (২২) অজ্ঞাত পরিচয় কয়েক যুবক।

ওসি আহসান উল্লাহ জানান, কাপাসিয়ার ইকুরিয়া গ্রামের ইকুরিয়া পূর্ব পাড়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রী গত ২২ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

পথে সকাল সাড়ে ৮টার দিকে কবিরের বাজার এলাকায় পৌঁছলে সুমন, কাওসার, সজিব, রাজিব ও আরিফসহ কয়েকজন ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ওই যুবকরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। প্রতিদিন ধর্ষণের কারণে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে মুমূর্ষু অবস্থায় যুবকরা তাকে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারের কাছে একটি জঙ্গলে ফেলে পালিয়ে যায়। জঙ্গলে মেয়ের লাশ পড়ে আছে এমন খবর পেয়ে মেয়েটির বাবাসহ অন্যরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার মেয়েটিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, মামলা করায় অন্য আসামিরা ওই মাদ্রাসা ছাত্রী ও তার স্বজনদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মেয়েটির পরিবারের সদস্যরা।