রাতে ডেকে নেয়ার পর নিখোঁজ
চুয়াডাঙ্গা সদরের এক কৃষককে গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ডেকে নেয়ার পর তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
চুয়াডাঙ্গার শম্ভুনগর পুলিশ ফাঁড়ির এসআই গাজী আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে সদরের মোহাম্মদজুমা গ্রামের কৃষক ও দিনমজুর আইনাল হককে বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
তাকে অপহরণ করা হয়েছে নাকি নিজেই বাড়ির কাউকে কিছু না বলে অন্য কোথাও গেছেন তা নিশ্চিত করতে পারছে না কেউ।
“আইনালকে গুম বা অপহরণ করা হয়ে থাকতে পারে বলে পরিবারের লোকজনের মধ্যে আশংকা দেখা দিয়েছে,” বলেন এসআই রহমান।
পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, “তাকে অপহরণ করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তারপরও আমরা খোঁজাখুঁজি শুরু করেছি।”
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি বলেও তিনি জানান।
নিখোঁজ আইনালের স্ত্রী রিজিয়া খাতুন জানান, “বৃহস্পতিবার রাত ২টার দিকে কেউ এক জন বাইরে থেকে আমার স্বামীকে চাচা বলে ডাকে। দরোজা খুলে ঘরের বাইরে যাবার পর আমি আবার ঘুমিয়ে পড়ি।”
কৃষিকাজ ও দিনমজুরির পাশাপাশি আইনাল হক মাছ ধরতেন। এজন্য বাড়ির লোকজনের ধারণা হয়, রাতে তিনি কোথাও মাছ ধরতে গেছেন। শুক্রবার সারাদিন ও রাতেও আইনাল বাড়ি না ফেরায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
তবে গুম বা অপহরণের আশঙ্কা হলেও কেউ এখনও ফোন করে কোনো টাকা-পয়সা চায়নি বলে জানান রিজিয়া খাতুন।
আইনাল হকের মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে হয়েছে সুবদিয়া গ্রামে। বাবার নিখোঁজের খবর শুনে তিনি বাড়ি আসেন।
বাবার কোনো শক্র নেই উল্লেখ করে ফাতেমা বলেন, “আমরা গরীব মানুষ, কে কেন বাবাকে নিয়ে গেল বুঝতে পারছিনে।”
