২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন দিনাজপুর  

দিনাজপুর শহরে তৃতীয় দিনে গড়িয়েছে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ধর্মঘট।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 12:04 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর এবং দুই সহকারীকে মারধরকে কেন্দ্র করে শিক্ষার্থীরা পাল্টা গাড়ি ভাংচুর করলে বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচি শুরু করে শ্রমিকরা।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক মো. রাব্বি বলেন, শুক্রবার রাতে দিনাজপুর মটর পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম  শ্রমিক নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা করেছেন। তবে সেখানে কোনো সমঝোতা হয়নি।

এদিকে শহর থেকে সকল রুটে যাত্রীবাহী বাস বন্ধ এবং দিনাজপুরের সঙ্গে সারা দেশের বাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজনের তাগিদে ব্যক্তিগত উদ্যোগেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন অনেকে।

বুধবার বিকালে শহরের কালীতলা এলাকায় সাগরিকা পরিবহনের একটি বাস হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বহনকারী বাসে ধাক্কা দেয়। এতে স্টাফ ও কর্মকর্তারা প্রতিবাদ জানালে পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বাসের দুই সহকারী রাজু ও আরিফকে মারপিট করে।

এরপর বিশ্ববিদ্যালয়ের আরো চারটি বাসে শ্রমিকরা ইট ছুড়লে কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্তত ছয়জন আহত হন। 

এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে দিনাজপুরের সঙ্গে রংপুর ও ঠাকুরগাঁওয়ের সড়ক যোগাযোগ বন্ধ করে দেয় এবং ওই পথ দিয়ে যাওয়া দুটি গাড়ি ভাংচুর করে।

এসব ঘটনার পর থেকে সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।