চিরনিদ্রায় ভাষা সৈনিক আজহার উদ্দিন
রাষ্ট্রীয় মর্যাদার চিরনিদ্রায় শায়িত হলেন ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন (৮২)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে বরিশাল নগরীর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ জুমা নগরীর তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এরপর তার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন পুলিশ সদস্যরা।
ভাষা সৈনিকের জামাতা ইদ্রিস মিয়া সবুজ জানান, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন এই ভাষা সৈনিক।
গত ১৭ এপ্রিল তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ৫ ছেলে রেখে গেছেন।
দশম শ্রেণির ছাত্র থাকাকালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে আন্দোলন করেন আজহার উদ্দিন।
১৯৫৩ সালে ‘কিশোর মজলিশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।
